নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত রাজনীতিক জাকির খানের প্রাণনাশের আশঙ্কা করছে তার পরিবার। ছেলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবার প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন তার মা আছিয়া বেগম।

গত রবিবার (৭ ডিসেম্বর) জেলা সদর মডেল থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে বিষয়টি জনসমক্ষে আসে বুধবার (১৭ ডিসেম্বর)। বর্তমানে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকা অবস্থায় কোনো কুচক্রী মহল তার ক্ষতি করতে পারে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডির তথ্যমতে, দীর্ঘ সময় প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে জাকির খানকে। সম্প্রতি সব মামলা থেকে খালাস ও জামিন পেয়ে তিনি বিএনপির দলীয় কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে কেউ অঘটন ঘটাতে পারে বলে পরিবারের দাবি।

সদর মডেল থানার ওসি আবদুল হালিম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। তবে ভবিষ্যতের কথা চিন্তা করেই তার মা এই আগাম নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, এক সময়ের আলোচিত ব্যবসায়ী শাব্বির আলম খন্দকার হত্যাসহ ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। ২০২২ সালে গ্রেপ্তারের পর চলতি বছরের ৭ জানুয়ারি তিনি বড় মামলাগুলোতে খালাস পান। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১৩ এপ্রিল কারাগার থেকে মুক্ত হন এই ছাত্রদল নেতা।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘরে ফিরছে না শান্তি। পরিবারের দাবি, ছায়ার মতো কোনো বিপদ তাকে তাড়া করছে। তাই প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box