বুলেটের আঘাত আর মৃত্যুর মধ্যবর্তী ধূসর সময়ে সাতটি দিন লড়াই করেছিলেন তিনি। শেষ পর্যন্ত হার মানল পার্থিব শরীর। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিভে গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণপ্রদীপ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে দেশের পথে রওনা হয়েছে হাদির মরদেহবাহী কফিন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
হাদি যেন নিজের অন্তিম যাত্রার চিত্রনাট্য লিখে গিয়েছিলেন আগেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরনো পোস্ট এখন ভক্তদের চোখে জল আনছে। যেখানে তিনি লিখেছিলেন, কোনো রাজকীয় কফিন নয়, বরং সাদামাটা কাঠের বাক্সে চড়ে আল্লাহর কাছে হাজির হতে চান তিনি।
১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে রক্তাক্ত হন ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থী। প্রথমে ঢামেক ও পরে এভারকেয়ার হয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
শনিবার জানাজা শেষে এই তরুণ সংগঠককে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জুলাই বিপ্লবের অন্যতম এই কারিগরের অকাল প্রস্থান রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করল।




মন্তব্য করুন