অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া ভিআইপি নিরাপত্তা ও ব্যক্তিগত গানম্যান গ্রহণের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নিজের নিরাপত্তার জন্য সরকারি কোনো ব্যবস্থার প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মাহমুদুর রহমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান তার সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে গানম্যান পাঠানোর ব্যাপারে সরকারি আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।
এসবি প্রধানের নির্দেশনায় একজন দায়িত্বশীল কর্মকর্তা মাহমুদুর রহমানকে পাঠানো বার্তায় জানান, তাকে ভিআইপি নিরাপত্তা দিতে গানম্যান মোতায়েনের প্রস্তুতি চূড়ান্ত। তবে ফিরতি বার্তায় মাহমুদুর রহমান সরকারকে ধন্যবাদ জানিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দেন।
এ বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে আমি কোনো নিরাপত্তা নেবো না।’ এসময় তিনি সবার সুরক্ষার জন্য সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবেই সরকারের পক্ষ থেকে তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আমৃত্যু আপসহীন এই সম্পাদক কোনো ধরনের রাষ্ট্রীয় আনুকূল্য নিতে অনীহা প্রকাশ করলেন।




মন্তব্য করুন