তরুণ নেতা শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানো এবং তার জানাজাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। এতে নাগরিকদের বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।
শান্তিপূর্ণ সমাবেশের ডাক থাকলেও তা যেকোনো সময় সহিংসতায় রূপ নেওয়ার ঝুঁকি থাকে বলে উল্লেখ করেছে দূতাবাস। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দর থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে পরদিন মানিক মিয়া এভিনিউতে বড় পরিসরে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন