সারাদেশে সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বড় সাফল্য পেয়েছে যৌথবাহিনী। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এই বিশেষ অভিযানের অগ্রগতির তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি করা হয়েছে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩টি গাড়ি। এর মধ্যে অবৈধ ও ত্রুটিপূর্ণ ৩৫৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত ১৩ ডিসেম্বর উচ্চপর্যায়ের এক সভায় এই অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। যৌথবাহিনীর সমন্বয়ে গঠিত কোর কমিটি এই অপারেশন তদারকি করছে।

উল্লেখ্য, ১০ মাস আগে গাজীপুরে সহিংসতার পর প্রথমবারের মতো ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এর দ্বিতীয় পর্যায় শুরু করে রাষ্ট্রদ্রোহী ও অপরাধী চক্রকে সমূলে নির্মূলের লক্ষ্য নেওয়া হয়েছে।

কঠোর এই অভিযানের ফলে ঢাকার রাজপথ থেকে শুরু করে মফস্বলের পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে আপসহীন অবস্থানে রয়েছে প্রশাসন।

Facebook Comments Box