দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন, এই সনদটি দীর্ঘ ৯ মাস ধরে দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্য ও নিবিড় আলোচনার ভিত্তিতে প্রণীত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বিশেষ অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এসব কথা বলেন। এদিন নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে ১০টি বিশেষ প্রচারণাবাহর ‘সুপার ক্যারাভান’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ভোটাধিকার কোনো দয়া বা করুণার বিষয় নয়, বরং এটি প্রত্যেক নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে তিনি তরুণ, নারী এবং প্রথমবারের ভোটারদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ড. ইউনূস জোর দিয়ে বলেন, একটি অবাধ ও ভয়হীন পরিবেশে জনগণের মুক্ত মতপ্রকাশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ‘জুলাই সনদ’ যদি জনসমর্থন পায়, তবে দেশ আগামী বহু বছর একটি নিরাপদ ও সুসংগঠিত কাঠামোর ওপর দাঁড়িয়ে পরিচালিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপার ক্যারাভানগুলো দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে কাজ করবে।

Facebook Comments Box