জাতীয় নির্বাচনের আসন ভাগাভাগির সমীকরণে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বড় পরিবর্তন এনেছে বিএনপি। এই আসনে দলটির শক্তিশালী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পরিবর্তে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় এই সিদ্ধান্তের ফলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি কোনো নিজস্ব প্রার্থী দিচ্ছে না। ফখরুল ইসলাম আলমগীর জনগণকে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দিয়ে পরোক্ষভাবে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।
তবে রুমিন ফারহানাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে যে উত্তাপ ছিল, এই সিদ্ধান্তের পর তা নতুন মোড় নিয়েছে। ইতিপূর্বে রুমিন ফারহানা ঘোষণা দিয়েছিলেন, দলের মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনী মাঠে থাকবেন।
ব্যারিস্টার রুমিন গত ১৯ ডিসেম্বর এক জনসভায় স্পষ্ট করে জানিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন তিনি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করায় রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা রুমিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বিএনপি নেতাদের একাংশ দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বললেও তৃণমূল কর্মীদের মাঝে দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী বনাম রুমিন ফারহানার সম্ভাব্য স্বতন্ত্র লড়াই এখন টক অব দ্য কান্ট্রি।




মন্তব্য করুন