পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের বাজার স্থিতিশীল রাখতে আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি খেজুরসহ বিভিন্ন ফল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর বা এআইটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছরের মতো এবারও অগ্রিম আয়করে ৫০ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা বহাল রাখা হয়েছে।
এনবিআর জানিয়েছে, মূলত ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রোজার সময় খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে খেজুরের আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সমন্বিত শুল্ক হ্রাসের ফলে খুচরা বাজারে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং অসাধু সিন্ডিকেটের কারসাজি রোধ করা সম্ভব হবে।




মন্তব্য করুন