তীব্র ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে এক ভয়াবহ চেইন-কলিশন বা ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে গাড়িগুলোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত যানগুলোর কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়, যা পরে পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশার মধ্যে চালকদের অসতর্কতা এবং যানবাহনের বেপরোয়া গতি। আহতদের আঘাত গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন তিনি।
শীতকালীন ঘন কুয়াশার মধ্যে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনকে গতি কমিয়ে সাবধানে চালানোর কঠোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।




মন্তব্য করুন