ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আতাউর রহমান বিক্রমপুরী। মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ অনুরোধে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিন মাসের ডিটেনশন (আটক) আদেশ ছিল। ওই আদেশ কার্যকর করতে জিএমপি সহায়তা চাইলে ডিবি পুলিশ তাকে নরসিংদী থেকে আটক করে।

গ্রেপ্তারের পর তাকে ডিএমপি থেকে জিএমপিতে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আতাউর রহমানকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জিএমপির একটি সূত্র নিশ্চিত করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই তাকে হেফাজতে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি ধাপ সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box