দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে বিশেষ করে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় লাখো নেতাকর্মীর ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরের আলো ফোটার আগেই তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ রাজপথে অবস্থান নেন। গত রাত থেকেই অনেকে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।
বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ফ্লাইটটি নির্দিষ্ট সময়েই রওনা হয়েছে। রুট অনুযায়ী ফ্লাইটটি প্রথমে সিলেটে যাত্রাবিরতি করবে এবং এরপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তারেক রহমানের নিরাপত্তায় বিমানে বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন গণসংবর্ধনার প্রস্তুতি। দলের হাইকমান্ড মনে করছেন, তাঁর এই প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে।
পুরো পূর্বাচল এলাকা বর্তমানে দলীয় স্লোগান ও মিছিলে মুখর। নেতাকর্মীদের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নেতৃত্বে বিএনপির দলীয় কার্যক্রম ও সাংগঠনিক শক্তিতে নতুন গতির সঞ্চার হবে।

মন্তব্য করুন