আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই সময় বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই নিবন্ধনের শেষ তারিখ আজ ২৫ ডিসেম্বর থাকলেও ভোটারদের সুবিধার্থে তা আরও ছয় দিন বাড়ানো হয়েছে।

ইসি সচিব জানান, প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করতে পারবেন।

নির্বাচনী কার্যক্রম ও মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার দেশের সকল তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে বিশেষ অনুরোধ জানিয়েছে কমিশন।

সচিব আখতার আহমেদ উল্লেখ করেন, সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা যাতে জামানত ও অন্যান্য ব্যাংকিং আনুষ্ঠানিকতা সুচারুভাবে সম্পন্ন করতে পারেন সেজন্যই এই উদ্যোগ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি সকল পক্ষকে কঠোরভাবে বিধিমালা মেনে চলার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসি’র পোর্টালে ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার পোস্টাল ভোটের জন্য সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে প্রবাসী ভোটারদের জন্য ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু হয়েছে এবং গত পাঁচ দিনে ১ লাখ ৬৮ হাজার ৯০০ প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে নিশ্চিত করেছেন যে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যালট পেপার দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানো হচ্ছে।

Facebook Comments Box