বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছাত্র, কবি ও সাহিত্যিক রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরীর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে নানা কর্মসূচি পালন করেছে রথীন্দ্র সাহিত্য পরিষদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় প্রয়াত কবির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথীন্দ্র সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনিক ঘটক চৌধুরী, সাধারণ সম্পাদক কবি শ্যামসুন্দর দেবনাথ, পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান সিপন, অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, কবি শাহজালাল মিয়াসহ জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরী বাংলা সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও মানবিক দর্শন ধারণ করে তিনি সাহিত্যচর্চা করেছেন, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়।

বক্তারা আরও বলেন, রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরীর সাহিত্যকর্ম ও চিন্তাধারা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত স্মরণসভা, গবেষণা ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

Facebook Comments Box