জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সশরীরে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন তিনি।

নির্বাচন কমিশনের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এই বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমানের পাশাপাশি তার কন্যা জাইমা রহমানও আজ একই প্রক্রিয়ায় ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর আগে তারা অনলাইনে প্রাথমিক ফরম পূরণ করেছিলেন। আজ সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে শেষ ধাপ সম্পন্ন হলো।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আগারগাঁও ও ইসি ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়। এনআইডি মহাপরিচালক আরও জানান, সার্ভারে তথ্য যাচাইয়ের পর কোনো অমিল না থাকলে পরবর্তী ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তাদের এনআইডি নম্বর তৈরি হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ সফটওয়্যার নিয়ন্ত্রিত। নম্বর জেনারেট হওয়ার পর তারা মোবাইল মেসেজের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে সরাসরি স্মার্টকার্ডের তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।

আগারগাঁওয়ে ইসি ভবনে আসার আগে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। দীর্ঘ সময় পর দেশের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির এই ঘটনাটি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box