দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, দেশ ও জাতিকে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে আগামীতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় বিএনপি কার্যালয়ে দলটির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সমঝোতা ও আসন ভাগাভাগি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেন নুর। তিনি বলেন, ব্যক্তিগত প্রাপ্তি বা দলের আসনের চেয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এখন বড় অগ্রাধিকার। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে নুর বলেন, “তারেক রহমান কথা দিলে কথা রাখেন। তার সঙ্গে আমাদের কী কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলার প্রয়োজন নেই।”

গণ অধিকার পরিষদের সভাপতি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, আগামীতে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সেই গভীর সংকট মোকাবিলায় রাজনৈতিক শক্তির সংহতি প্রয়োজন। গলাচিপা ও দশমিনা এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box