রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় অংকের ক্ষতিপূরণ প্যাকেজ চূড়ান্ত করছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী, নিহত শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ১ কোটি টাকা এবং গুরুতর আহত শিশুদের জন্য ৬০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করা হবে। প্রস্তাবনায় ১৮ বছরের নিচে নিহত শিক্ষার্থীদের জন্য ১ কোটি এবং প্রাপ্তবয়স্ক নিহতদের জন্য ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আহতদের ক্ষেত্রে আঘাতের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অংকের প্রস্তাব করা হয়েছে। অগ্নিদগ্ধ শিশুদের জন্য ৬০ লাখ এবং বড়দের জন্য ৪০ লাখ টাকা। এছাড়া দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন এমন গুরুতর আহতদের জন্য সর্বোচ্চ ১৫ লাখ টাকার অতিরিক্ত পুনর্বাসন প্যাকেজও রাখা হয়েছে।

ক্ষতিপূরণের এই অর্থ সরাসরি নগদ নয়, বরং অর্ধেক এককালীন এবং বাকি অর্ধেক পাঁচ বছরের সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে। শিশুদের ক্ষেত্রে এই সঞ্চয়পত্র ২৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে উত্তোলন করা যাবে না। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এই বিশাল অংকের অর্থ প্রদান করা হবে।

তবে নিহত পাইলটের জন্য এই প্যাকেজে কোনো সুপারিশ রাখা হয়নি; বিমানবাহিনী তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেবে। উল্লেখ্য, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জন নিহত এবং ১৭২ জন আহত হয়েছিলেন।

Facebook Comments Box