সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার প্রথম জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে দাফনের চূড়ান্ত স্থান নিয়ে পারিবারিক ও দলীয় পর্যায়ে আলাপ-আলোচনা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর সময় বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্ষীয়ান এই নেত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন