সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ মঙ্গলবার সারাদিন বেগম জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই রাখা হবে। আগামীকাল সকালে সেখান থেকে মরদেহ সরাসরি সংসদ ভবন চত্বরে নিয়ে আসা হবে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮১ সালে রাজনীতিতে আসা বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে তার নাম জড়িয়ে রয়েছে। দেশের এই শীর্ষ রাজনৈতিক নেত্রীর শেষ বিদায়ে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হবে।




মন্তব্য করুন