সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও প্রহসনমূলক রায়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আসিফ নজরুল বলেন, “বেগম জিয়ার এই অকালমৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের সরাসরি দায় রয়েছে। ওনাকে যদি আরও দুই বছর আগে সুচিকিৎসার সুযোগ দেওয়া হতো, তবে হয়তো আজ আমরা ওনাকে হারাতাম না।” তিনি খালেদা জিয়াকে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে অভিহিত করেন।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সভার শুরুতে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে এবং জানাজার দিন অর্থাৎ বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এছাড়া বিশ্বের সকল বাংলাদেশ দূতাবাসে শোকবই খোলা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। জানাজা ও দাফন কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box