বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ প্রথমবারের মতো তাঁর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ফ্রিজিং ভ্যানে করে তাঁর মরদেহ গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কের বাসভবনে পৌঁছায়।

জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে যখন বেগম জিয়ার মরদেহ বাসভবনে প্রবেশ করে, তখন সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মরদেহটি আনা হয়। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানের বাসভবনে মা হিসেবে এটিই ছিল খালেদা জিয়ার প্রথম পদার্পণ, যা শেষ বিদায়ের ক্ষণে পরিণত হলো।

বাসভবনে উপস্থিত আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এছাড়া বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা সেখানে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, বাসভবনে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের দেখার সুযোগ দেওয়ার পর মরদেহ জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হবে। এর আগে হাসপাতাল থেকে মরদেহ বের করার সময় রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে শেষ বিদায় জানান।

Facebook Comments Box