অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসেন ড. আলী হায়দার। বৈঠকে স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন। সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, আঞ্চলিক উন্নয়নে এই সংস্থাটি এখনও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। মালদ্বীপকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে তিনি সার্ককে পুনরায় সক্রিয় করার ওপর জোর দেন।

মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে মালদ্বীপের স্বাস্থ্য খাতে বাংলাদেশি চিকিৎসকদের ভূমিকা এবং মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিশেষ দূতকে অবহিত করেন। মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং নির্বাচনের সাফল্য কামনা করেন।

Facebook Comments Box