দেশজুড়ে হাড়কাঁপানো পৌষের শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নতুন দুঃসংবাদ। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ৬ জানুয়ারি মঙ্গলবার থেকে সারা দেশে শীতের তীব্রতা ব্যাপক বৃদ্ধি পেতে পারে। জানুয়ারির এই প্রথম সপ্তাহে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে এক-দুইটি হতে পারে মাঝারি থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস)। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন ধরেই এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

তীব্র কুয়াশার কারণে আকাশ, সড়ক ও নৌ-যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে। কুয়াশার কারণে সড়ক ও নৌ-পথেও যান চলাচল ধীরগতিতে চলছে।

বর্তমানে মাদারীপুর, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়সহ ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেশের অনেক এলাকায় স্থায়ী হতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইকিউএয়ার।

Facebook Comments Box