আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় দেওয়া তথ্যের অসংগতি বা ত্রুটির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে ঠিক কোন নির্দিষ্ট ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

পেশায় চিকিৎসক ডা. তাসনিম জারা সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার হলফনামার তথ্য অনুযায়ী, চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা এবং বিদেশের উৎস থেকে আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি বছরে ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর প্রদান করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষর সংগ্রহ করে তিনি গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঢাকা-৯ আসনে তার এই প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে বর্তমান নির্বাচনী সমীকরণে নতুন মোড় নিল।

Facebook Comments Box