ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার ও শনিবার রাজধানীর শেরেবাংলা নগর, মিরপুর, যাত্রাবাড়ী, দারুস সালাম ও রূপনগর থানা এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও অনেক পরোয়ানাভুক্ত অপরাধী রয়েছে।

থানাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে শেরেবাংলা নগর থানায়—মোট ৫০ জন। এছাড়া দারুস সালাম থানায় ১৪ জন, যাত্রাবাড়ী থানায় ১২ জন এবং মিরপুর মডেল ও রূপনগর থানায় ১১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপির এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box