নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও হত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলার আসামি শাওন। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।
শাহজালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “প্রাথমিকভাবে শাওনকে আটক করার খবর আমরা ইমিগ্রেশন পুলিশ থেকে পেয়েছি। আমাদের একটি টিম ঢাকায় গেছে। তাকে রিসিভ করার পর বিস্তারিত জানানো হবে।”

Facebook Comments Box