ঝালকাঠির সদর উপজেলায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী নাগরিক। শনিবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই যোগদানের ঘটনা ঘটে।
অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। জেলার একটি নির্দিষ্ট ইউনিয়ন থেকে এত বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটি ইসলামপন্থী রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি স্থানীয় মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
যোগদানকারীদের পক্ষে কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী জানান, জামায়াতের শৃঙ্খলা, আদর্শিক দৃঢ়তা এবং আর্তমানবতার সেবামূলক কার্যক্রম দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। কোনো ধরনের চাপ নয় বরং স্বেচ্ছায় তারা এই রাজনৈতিক প্লাটফর্ম বেছে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়ভিত্তিক রাজনীতিতে আকৃষ্ট হয়ে সাধারণ মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে যে দলটির প্রতি জনআস্থা বাড়ছে।” তিনি আরও যোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য।

মন্তব্য করুন