নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এখনই সুখবর দিতে পারছে না সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে সরকারি চাকুরেদের ‘ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা জানান, পে-স্কেল সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে যারা বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে। তিনি বলেন, “কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, প্রশাসনের কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে কাজ করছেন। তিনি মনে করেন, এই ভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সফরকালে অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। উল্লেখ্য, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।

মন্তব্য করুন