শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতির দাবিতে সরকারকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেন সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী সাত দিনের মধ্যে বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সমাবেশে জাবের বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, “হাদি হত্যার বিচারে দলগুলো মাঠে না নেমে কেবল সোশ্যাল মিডিয়ায় ‘আবেগী পোস্ট’ দিয়ে দ্বিচারিতা করছে। আমরা চাই প্রতিটি সংসদীয় আসন থেকে এই হত্যার বিচারের আওয়াজ উঠুক।” শহীদ হাদির ‘ইনসাফ’ ভিত্তিক দর্শনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, হাদি ভাই বলতেন—শত্রুরও ভোটাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে যোগ্য নেতৃত্বে রূপান্তর হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box