ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে। সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত প্রিসাইডিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, প্রবাসী ভোটারদের দেওয়া ঠিকানায় অসংগতি থাকায় নির্ধারিত সময়ে ব্যালট পেপারগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে ডাক বিভাগ সেগুলো নির্বাচন কমিশনে ফেরত পাঠিয়েছে। তবে এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।
সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ বন্ধ করতে এবার ‘ফেস ডিটেকশন’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে জালিয়াতির কোনো অবকাশ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে যেসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তাতে কান না দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।
এ সময় পোস্টাল ব্যালট পেপারের কারিগরি কিছু ত্রুটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ৩৯টি মার্কা ভাঁজের ভেতরে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখছে বলেও তিনি দাবি করেন।




মন্তব্য করুন