দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে নতুন চারটি থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান সরকারের মেয়াদে এটিই নিকারের প্রথম সভা।

নতুন অনুমোদিত থানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জের ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজারের মেগা প্রকল্প কেন্দ্রিক ‘মাতারবাড়ী’ থানা। এছাড়া জননিরাপত্তা জোরদারে নরসিংদীর রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনিক কাঠামো সংস্কারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। সরকারি রাজস্ব আহরণে স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য খাতের কার্যক্রমে সমন্বয় আনতে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠন করা হয়েছে। পাশাপাশি ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’র নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আন্তর্জাতিক দাপ্তরিক কাজের সুবিধার্থে এর ইংরেজি নাম (MoWCA) অপরিবর্তিত থাকবে।

ভৌগোলিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাবও সভায় অনুমোদন পায়। সভায় অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সরকারের উচ্চপদস্থ সচিবরা উপস্থিত ছিলেন। নিকারের এই বৈঠকে সব মিলিয়ে মোট ১১টি প্রশাসনিক পুনর্গঠন প্রস্তাব পাশ হয়েছে।

Facebook Comments Box