নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আধ্যাত্মিক নগরী সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দীর্ঘ এক দশক পর সিলেটে তাঁর এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা দেখা গেছে।

এয়ারপোর্ট থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাত ৯টার দিকে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.)-এর দরগায় পৌঁছান। বিমানবন্দর থেকে দরগাহ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে তাঁকে স্বাগত জানান। মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি নফল নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, যিনি মাজারের মহিলা এবাদতখানায় সময় কাটান।

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত করেন। এরপর তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে বিপুল জনস্রোতের কারণে স্বল্প দূরত্বের রাস্তা পাড়ি দিতে তাঁর দীর্ঘ সময় লাগে। মাজার জিয়ারত শেষে গভীর রাতে তিনি তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করতে যান।

এর আগে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রার্থীরা। এছাড়া বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করার কথা রয়েছে।

Facebook Comments Box