নির্বাচনী লড়াইয়ের ময়দানে মিত্রশক্তির অতীত ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল। সে সময় সাধারণ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছিল এবং লুটপাটের ঘটনাও ঘটেছিল।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন। বিএনপি মহাসচিব এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ঠাকুরগাঁওয়ের এই আসনে নির্বাচনী লড়াইয়ে ‘ধানের শীষ’ এর বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’।
ভোটের সমীকরণ ব্যাখ্যা করতে গিয়ে ফখরুল বলেন, আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। রাজনীতির নানা জটিলতায় এবার নৌকা আমাদের সামনে নেই। তার বদলে নতুন মার্কা হিসেবে এসেছে ‘দাঁড়িপাল্লা’। তবে ধানের শীষ সবার পরিচিত এবং পরীক্ষিত মার্কা।
সংখ্যালঘু ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সবাই একই দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। আমরা ক্ষমতায় এলে সবার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা পরিবারের মা-বোনদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেব, যা দিয়ে স্বল্পমূল্যে নিত্যপণ্য ও চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে সারের নিশ্চয়তা এবং ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন