আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
নির্বাচনী প্রচারণায় ভোটারদের আশ্বস্ত করে নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমেই জনবিদ্বেষী শক্তির অবসান হবে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ পক্ষ সাধারণ ভোটার ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। তবে কোনো হুমকিই জনগণকে ভোটকেন্দ্র থেকে দূরে রাখতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভোটের গুরুত্ব তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, “এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। তাই কোনো মিথ্যা আশ্বাস বা সাময়িক সুবিধার বিনিময়ে নয়, দেশের এবং এলাকার টেকসই পরিবর্তনের জন্য যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে।”
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের এটিই বড় সুযোগ। ভোটাররা যদি সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে সন্ত্রাসমুক্ত নতুন রাজনীতি শুরু হবে।




মন্তব্য করুন