রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ৩০ হাজার টাকারও বেশি কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। এরপর শুক্রবার এক দফায় দাম কমানোর পর আজ আবারও বড় হ্রাসের ঘোষণা এল।
নতুন দর অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হবে।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকায় নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা এবং বড় ধরনের সংশোধনের ফলেই দেশের বাজারে এই দ্রুত পরিবর্তন আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




মন্তব্য করুন