আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একইসঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের দাবি মেনে বাংলাদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপাল’ (PayPal) চালুর ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি অনুষ্ঠানে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এসব পরিকল্পনার কথা জানান।

মাহদী আমিন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভিশনে জনগণের ক্ষমতায়নই মূল লক্ষ্য। আমরা ক্ষমতায় গেলে মেধাবীদের জন্য দেশে উপযুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করব। প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি ‘পেপাল’ চালুর বিষয়ে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে।”

অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান দলের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, দেশের ৯৫ শতাংশ মানুষকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা হবে। এছাড়া সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে নাগরিকদের লেনদেন ও সেবা সহজ করতে ‘ন্যাশনাল ই-ওয়ালেট’ চালু করা হবে। বিষয়গুলো বিএনপির আসন্ন নির্বাচনী ইশতেহারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

বক্তারা দাবি করেন, ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জনরায়ে সরকার গঠন করবে এবং দ্রুততম সময়ে এই ডিজিটাল রূপান্তর সম্পন্ন করবে।

Facebook Comments Box