আসন্ন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে স্বাস্থ্য খাতের বাজেট ধাপে ধাপে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একইসঙ্গে ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটাসহ এই খাতের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে আলাপকালে ডা. রফিক বলেন, “বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবাকে কেবল সেবা নয়, জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসার পরিধি বাড়ানো এবং গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে আমরা কাজ শুরু করেছি।” তিনি আরও জানান, হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর প্রশাসনিক সংস্কার আনা হবে।
মতবিনিময় সভায় চিকিৎসকদের পক্ষ থেকে বাজেট সংকট ও জনবল স্বল্পতার কথা তুলে ধরা হলে ডা. রফিক জানান, বিএনপির পরিকল্পনায় স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এ সময় তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ সহ দলের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটারদের সচেতন থাকতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকালেই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন