রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক দুই মামলায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বেলা ১১টার দিকে আলোচিত এই মামলার রায় প্রদান করবেন।
মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য আসামিদের মধ্যে রয়েছেন তার ভাগ্নি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে শেখ রেহানার তিন সন্তানের নামে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। তদন্তে উঠে এসেছে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজের প্রভাব খাটিয়ে এই প্লট বরাদ্দে শেখ হাসিনাকে প্ররোচিত করেছিলেন। এছাড়া রাজধানীতে নিজস্ব স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে এই সরকারি প্লট গ্রহণ করা হয়, যা রাজউকের বিধিমালার সরাসরি লঙ্ঘন।
মামলার নথিপত্রে দেখা যায়, গত বছরের ১০ মার্চ এ ঘটনায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
এর আগে একই ধরনের অভিযোগে করা চারটি পৃথক মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঘোষিত হতে যাওয়া দুই মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে। আদালত প্রাঙ্গণে এ রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




মন্তব্য করুন