আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ দ্রুত জানাতে একাধিক জরুরি যোগাযোগ নম্বর চালু করেছে সরকার।
সমন্বয় সেলের সঙ্গে যোগাযোগের জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ এবং ০২-৪৭১১৮৭০৩। এছাড়া তাৎক্ষণিক তথ্য ও ছবি আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর হিসেবে ০১৫৫০-০৬৪২২৬ এবং সাধারণ মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৭ সচল রাখা হয়েছে।
এদিকে, নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্ব নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ডিক্যাব (DCAB) ও এমআরডিআই আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী আখ্যান এখন আর কেবল জাতীয় সীমানায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষক, উন্নয়ন সহযোগী এবং বিনিয়োগকারীরা এ দেশের সংবাদ প্রবাহের ওপর কড়া নজর রাখছেন।
লিলার সতর্ক করে বলেন, প্রতিবেদনের নির্ভুলতা ও নিরপেক্ষতার ওপর দেশের গণতান্ত্রিক পরিপক্বতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নির্ভর করছে। তিনি সাংবাদিকদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার দলিলের আলোকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ করে এসডিজি-১৬ (শান্তি ও ন্যায়বিচার) লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন