আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের এই বিপুল সংখ্যক ব্যালট ডাকযোগে দেশে এসে পৌঁছাল।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধিত প্রবাসীদের অনুকূলে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন ভোটার তাদের ব্যালট বুঝে পেয়েছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন ভোটার তাদের পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন, যার একটি বড় অংশ দেশে পৌঁছানোর প্রক্রিয়ায় রয়েছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত নিবন্ধিত ভোটারদের (আইসিপিভি) কাছেও ব্যালট পাঠানোর কার্যক্রম পুরোদমে চলছে। এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০ হাজার ৮১০ জন তাদের ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত প্রবাসীদের ৬ হাজার ৪২টি এবং দেশের অভ্যন্তরীণ ৩ হাজার ৬৫৫টি ব্যালট সশরীরে বুঝে পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের হার এবার আগের যেকোনো সময়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।




মন্তব্য করুন