বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। জামায়াত নেতাদের দাবি, আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ে বঙ্গভবনের মেইল আইডির সংশ্লিষ্টতা পাওয়ার পর এবার সেক্রেটারি জেনারেলের আইডিতেও একই চক্র সাইবার হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮টা ৩১ মিনিটের দিকে মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। বিষয়টি নজরে আসার পরপরই কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিম পোস্টটি ডিলিট করতে সক্ষম হয়।

সিরাজুল ইসলাম আরও অভিযোগ করেন, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করার সময় হ্যাকাররা বঙ্গভবনের একটি মেইল আইডি ব্যবহার করেছিল। ওই মেইলের সিসিতে (CC) থাকা একাধিক অ্যাড্রেসের সূত্র ধরে তাদের আশঙ্কা, হ্যাকাররা আরও অনেক ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে থাকতে পারে। রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এদিকে এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, একের পর এক শীর্ষ নেতাদের অ্যাকাউন্টে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বড় কোনো ষড়যন্ত্রের অংশ। এই সাইবার হামলার বিরুদ্ধে জামায়াত শিগগিরই আইনি পদক্ষেপ নেবে।

জামায়াত নেতাদের অভিযোগ, ষড়যন্ত্রকারীরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত করা সরকারের দায়িত্ব। তারা দাবি করেন, রাষ্ট্রীয় কোনো সংস্থাকে যাতে রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা অসৎ কাজে ব্যবহার না করা হয়, সে নিশ্চয়তা সরকারকেই দিতে হবে।

Facebook Comments Box