নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত শত্রুতার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়দাবাদ চরাঞ্চলে হানিফ মাস্টার এবং এরশাদ মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও এই দ্বন্দ্বে নারীসহ ৮ জন প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে এরশাদ গ্রুপের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের সমর্থকদের বাড়িতে হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক মেম্বার ফিরোজের ভাতিজা মাসুম ওরফে ‘চায়না’র গুলিতে মুস্তাকিম ঘটনাস্থলেই প্রাণ হারায়।

হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)। সংঘর্ষের সময় ৪টি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিমল চন্দ্র ধর জানান, মুস্তাকিমের শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে যা ছিদ্র হয়ে বেরিয়ে গেছে।

ঘটনার পর এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নির্বাচনী উত্তাপের মধ্যে এই হত্যাকাণ্ড চরাঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

Facebook Comments Box