ইনকিলাব মঞ্চের মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর অভিযোগ নাকচ করে দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী আহতদের কারও শরীরে গুলির আঘাত নেই।

বিবৃতিতে বলা হয়, রিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে এবং জলকামানের ওপর চড়াও হলে পুলিশ আইনানুগভাবে তাদের ছত্রভঙ্গ করে। ডিএমপি নিশ্চিত করেছে যে, এ সময় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

চিকিৎসকদের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তারা স্প্লিন্টার বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলেও গুলিবিদ্ধ হননি।

সরকার জানিয়েছে, ওসমান হাদি হত্যার বিচারে তারা বদ্ধপরিকর। এ বিষয়ে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার জন্য আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের ওপর—উল্লেখ করে সরকার সকলকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পুলিশ শুরুতে সহনশীল ছিল। ভবিষ্যতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছে অন্তর্বর্তী সরকার।

Facebook Comments Box