বাগেরহাট-০৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম (লায়ন ফরিদ) বলেছেন, আসন্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। তার অভিযোগ, কিছু চক্র জাল ব্যালট ও ভুয়া সিল ব্যবহার করার চেষ্টা করছে।
শুক্রবার বিকেলে সোনাইলতলা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্রের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সক্রিয় থাকতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
ডা. লায়ন আরও বলেন, “বিগত সময়ে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবার গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে প্রতিটি কেন্দ্রে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মা-বোনদের ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে হবে।”
তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দিয়েছেন, ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তা বলয় গড়ে তোলা এবং কেন্দ্রে কোনো অনিয়মের সুযোগ না দেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখতে।
জনসভায় উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ হিল মারুফ, উপজেলা সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, যুবদল নেতা বাবুল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Facebook Comments Box