আওয়ামী লীগ ও শেখ হাসিনার সন্তানদের দেশে পুনরায় রাজনীতিতে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ১১ দলীয় জোট ও দেশের জনগণ কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি গণমাধ্যমে বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি এমন কোনো চেষ্টা করা হয়, তবে ছাত্র-জনতা তা রুখে দেবে। আওয়ামী লীগ ও খুনি হাসিনার সন্তানদের এ দেশে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।”
একটি বড় রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, ওই দলের নেতারা বর্তমানে ‘ক্ষুধার্ত শকুনের’ মতো ক্ষমতার অপেক্ষায় বসে আছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা ক্ষমতায় গেলে দেশে আবারও চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটরাজ শুরু হবে, যার ফলে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হবে।
পথসভায় বিশেষ ঘোষণা নিয়ে হাজির হন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ দলের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন। এর ফলে এই আসনে ১১ দলীয় জোটের একক আধিপত্য সুসংহত হলো।
সভায় এনসিপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে খণ্ড খণ্ড মিছিল ও দলীয় প্রতীক নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জোটের এই ঐক্যবদ্ধ অবস্থানকে ‘দ্বিতীয় বিপ্লবের সুরক্ষা’ হিসেবে অভিহিত করেন বক্তারা।




মন্তব্য করুন