তেপান্তর রিপোর্ট:

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এই ঘটনার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ‘নোট ভারবাল’ ওএইচসিএইচআর-এর কাছে পাঠিয়েছে।

জেনেভাস্থ মিশন জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এই অনুরোধের বিষয়ে কোনো সাড়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এই তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব মঞ্চের এই তরুণ নেতার মৃত্যু দেশের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সরকার শুরু থেকেই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে আসছিল।

Facebook Comments Box