সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এর আগে ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন এবং আমানতের লভ্যাংশের কারণে এই বৃদ্ধি ঘটেছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ এক বছরে ৮৪ লাখ টাকা কমে বর্তমানে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায় দাঁড়িয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালার আলোকে উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদ বিবরণী জনসমক্ষে আনা হলো। তালিকায় বর্তমান উপদেষ্টাদের পাশাপাশি সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামও রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পরপরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস তার সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশের অঙ্গীকার করেছিলেন। একই সাথে এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার জন্য বাধ্যতামূলক করার লক্ষ্য রয়েছে সরকারের। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই তথ্য প্রকাশকে প্রশাসনের স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box