শরীয়তপুরের জাজিরায় সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তাকে এবং তার স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে আড়াইটা পর্যন্ত বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবরের বসতবাড়িতে এই তল্লাশি চালানো হয়।

আটককৃতরা হলেন বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মাদবর এবং তার স্ত্রী। যৌথ বাহিনীর এই অভিযানে তাদের বাড়ি থেকে ১টি পিস্তল কভার, ১টি পিস্তলের সিলিং, ১টি হকিস্টিক, ১টি ওয়েল ব্রাশ, ২৮টি দেশীয় চাকু এবং নগদ ১ লাখ ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪টি মোবাইল ফোন ও অস্ত্র পরিষ্কার করার সরঞ্জামও জব্দ করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখার পর বাড়িটি থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতসহ আটক দম্পতিকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচনের প্রাক্কালে এমন অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box