জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, দেশের মূলধারার গণমাধ্যমগুলো বর্তমানে বিএনপির দ্বারা ‘দখল’ হয়ে গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “সাংবাদিকরা আজ একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছেন। মিডিয়াতে এক ধরনের অ্যাগ্রেসিভ মোড ও তথ্যসন্ত্রাস আমরা লক্ষ্য করছি, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। ভোটের দিন এই ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে গোপনে অস্ত্র মজুত করা হচ্ছে। এসব অস্ত্র উদ্ধারে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে বিশেষ অভিযান চালানোর আহ্বান জানান তিনি। এছাড়া টাকা উদ্ধারের নামে বিরোধী জোটের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, “মাত্র ২০ হাজার টাকা থাকার কারণে জামায়াত নেতাকে হেনস্তা করা হচ্ছে। ল্যাপটপ থাকলেই যদি অপরাধ হয়, তবে কার ঘরে ল্যাপটপ নেই?”
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, পোলিং এজেন্টদের ভয় দেখানো এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার চেষ্টা চলছে। শেষ মুহূর্তে প্রশাসনকে নিরপেক্ষ থেকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জোর দাবি জানান তিনি।

মন্তব্য করুন