ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বিগত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার পদে কেউ না থাকায় আইনি প্রক্রিয়া মেনেই প্রধান বিচারপতি এই দায়িত্ব পালন করবেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এই আইনি কাঠামোর ইঙ্গিত দিয়েছিলেন।
সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পাঠ করান। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই মনোনয়ন দিয়ে থাকেন। এ ছাড়া নির্বাচনের ফল প্রকাশের তিন দিনের মধ্যে শপথ আয়োজনে ব্যর্থতা তৈরি হলে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর বিধানও সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট ৭৭টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।




মন্তব্য করুন