নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির (সোম বা মঙ্গলবার) মধ্যে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব বলেন, “নতুন সরকারের শপথ অনুষ্ঠান দ্রুতই অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না।” তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। বর্তমানে প্রধান উপদেষ্টা ও বর্তমান মন্ত্রিসভার পক্ষ থেকে নবনির্বাচিত সরকারের কাছে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ। সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো শপথ অনুষ্ঠানের প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।




মন্তব্য করুন